প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
সকাল ৯টা ২০ মিনিটে বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বর এলাকা থেকে মো. সালেহ ফয়সাল (২৭) নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা।
একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার সংলগ্ন এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) নামের আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে একই টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে রিসিভার হিসেবে কাজ করছে এবং বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনছে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে আমরা অত্যন্ত সতর্ক। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বরাবরের মতোই আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে